শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে ফেরত দিতে হবে: এমরান সালেহ প্রিন্স | ছবি: Collected
দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার দাবি মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে হবে। কোনো দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। সোমবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পলাতক আওয়ামী লীগ ভিনদেশি আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস। পটকা ফুটিয়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে দেশবিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। দেশের জনগণ দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম। তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। বাংলাদেশের মানুষ কোনো আধিপত্য, আগ্রাসন কিংবা পরাভব মেনে নেবে না। প্রশাসনের প্রতি ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের প্রতি পাড়া-মহল্লায় তাদের গতিবিধি পর্যবেক্ষণ এবং জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনার সমালোচনা করে প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানের আগে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে চলে যান। এখন দেশে ফেরার কথা বলে পলাতক নেতাকর্মীদের সংগঠিত করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা সুসংহত করতে হবে। দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিকসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা চত্বরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধোবাউড়া বাজারে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।