শিরোনামঃ

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সোমবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচনি কর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে।

এর আগে রোববার রাজধানীর মিন্টো রোডে জোট শরিকদের সঙ্গে বৈঠকে অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় ১১ দলীয় ঐক্য। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কর্নেল অলি আহমদ সাবেক মন্ত্রী ও ছয়বারের সংসদ সদস্য। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকা অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন এবং জেড ফোর্সের অধীনে যুদ্ধ করেন।

স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে রাজনীতিতে যুক্ত হন অলি আহমদ। বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০০৬ সালে দলটি থেকে পদত্যাগ করেন তিনি। পরে বদরুদ্দোজা চৌধুরীসহ অন্য নেতাদের নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপি গঠন করেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে অলি আহমদ বলেন, একজন মুক্তিযোদ্ধা ও পরীক্ষিত ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই। সর্বসম্মতিক্রমে তার নাম প্রস্তাব করায় তিনি জোট ও দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। নির্বাচনকে প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য ও রাজনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করতে প্রার্থী দেওয়া তাদের দায়িত্ব। রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের এই প্রার্থিতা এখন নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

এলাকার খবর

সম্পর্কিত