রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকায় ফুটপাতের দোকান থেকে কোটি টাকার চাঁদা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এসেছে আধিপত্যের দ্বন্দ্ব। এই বিরোধের জেরেই গত মঙ্গলবার ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের অভিযোগ, নিউমার্কেট, নীলক্ষেত, গাউছিয়া, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবসহ আশপাশের এলাকায় প্রায় পাঁচ হাজার ফুটপাতের দোকান রয়েছে। এসব দোকান থেকে প্রতিদিন দোকানপ্রতি ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত চাঁদা বা ‘ভাড়া’ আদায় করা হয়। এর সঙ্গে বিদ্যুৎ বিলের নামেও নেওয়া হয় অতিরিক্ত টাকা। ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে এসব দোকান থেকে প্রতিদিন ২৫ লাখ টাকার বেশি অর্থ আদায় করা হয়। নতুন করে দোকান বসানোর ক্ষেত্রেও এককালীন ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর ফুটপাতের এই বিপুল অর্থের নিয়ন্ত্রণ ও ভাগ-বাটোয়ারা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ বেড়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নিউমার্কেট থানা যুবদল। মঙ্গলবার বলাকা সিনেমা হলের সামনে কথাকাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষ। পরে হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিউমার্কেট ও ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতাকেও বহিষ্কার করা হয়েছে। এছাড়া নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক মিজান ব্যাপারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগের কথা তারা শুনেছে। তবে কোনো ব্যবসায়ী এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যবসায়ীদের দাবি, ফুটপাত দখল ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের সংঘর্ষ ও আধিপত্যের দ্বন্দ্ব বন্ধ হবে না।