পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন নিউমার্কেট থানা ও ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ১২ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাহবুব, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব শাহাদাত এবং যুগ্ম আহ্বায়ক ইফতেখার ও সুমন, যিনি চায়না সুমন নামে পরিচিত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছে যুবদল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকা কলেজ ছাত্রদলের অন্তত ১০ জন আহত হন।
এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেও বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন—ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার, প্রিন্স খন্দকার এবং সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান। নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় দুই সংগঠনের পক্ষ থেকেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।