প্রকাশ: ... | ... | ...

চট্টগ্রামে পুলিশ সুপারের দুই মোবাইল ফোন জব্দ


সংযুক্ত ছবি

চট্টগ্রামে পুলিশ সুপারের দুই মোবাইল ফোন জব্দ | ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে তাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পাওয়া একটি সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেঞ্জ পুলিশ। বুধবার ১১ নভেম্বর চট্টগ্রাম নগরীর হালিশহরে অবস্থিত জেলা পুলিশ লাইনে এসপি জাহাংগীর আলমের কার্যালয় থেকে মোবাইল ফোন দুটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক। তিনি জানান, পুলিশ সুপার জাহাংগীর আলমের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে নজরদারিতে রাখা হয়েছে এবং অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঠিক কী ধরনের অভিযোগ জমা পড়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ জাহাংগীর আলম বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে অভিযোগের বিস্তারিত প্রকাশ না করায় বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে অভিযোগের প্রকৃত বিষয় ও সংশ্লিষ্ট তথ্য উঠে আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।