প্রকাশ: ... | ... | ...

কেরানীগঞ্জে রেল চলাচল শুরু, নতুন যাত্রাপথে যুক্ত হলো দক্ষিণাঞ্চল


সংযুক্ত ছবি

কেরানীগঞ্জে রেল চলাচল শুরু, নতুন যাত্রাপথে যুক্ত হলো দক্ষিণাঞ্চল | ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর কেরানীগঞ্জে শুরু হয়েছে রেল চলাচল। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) থেকে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হয়েছে। এতে কেরানীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার পাশাপাশি ঢাকা ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে। আজ বিকেল থেকেই কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন স্টেশন ও ট্রেন চলাচলকে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আনন্দের পরিবেশ। জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টা ৩০ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করবে। এরপর বিকেল ৩টা ৫০ মিনিটে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। মাত্র দুই মিনিট বিরতির পর বিকেল ৩টা ৫২ মিনিটে কেরানীগঞ্জ স্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি। ট্রেনটির যাত্রাপথে মুন্সিগঞ্জ, মাওয়া, শিবচর ও ভাঙ্গাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত থাকবে। ফলে কেরানীগঞ্জের যাত্রীদের জন্য এসব অঞ্চলে যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন বিভিন্ন কাজে সড়কপথে যাতায়াত করতে গিয়ে যানজটসহ নানা ভোগান্তিতে পড়তে হতো। কেরানীগঞ্জে রেল যোগাযোগ চালু হওয়ায় এখন কম সময়ে ও স্বাচ্ছন্দ্যে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে। রেল চলাচল শুরু হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও যোগাযোগব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কেরানীগঞ্জের সঙ্গে মাওয়া, শিবচর, ভাঙ্গা ও গোপালগঞ্জ অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। নতুন রেলসেবা চালু হওয়াকে কেরানীগঞ্জের যোগাযোগব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা। নিয়মিত ও নিরাপদ রেলসেবা নিশ্চিত হলে ভবিষ্যতে এ রুটে যাত্রীসংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।