চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছেছেন ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ৪ হাজার ৩১৪ জন, যা মোট অভিবাসীর প্রায় এক-তৃতীয়াংশ।
পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশের পর সবচেয়ে বেশি অভিবাসী এসেছে সোমালিয়া থেকে, যার সংখ্যা ১ হাজার ৭০২ জন। এরপর রয়েছে সুদান, পাকিস্তান, আলজেরিয়া ও মিশর। এছাড়া ইরিত্রিয়া, তিউনিসিয়া, মালি, নাইজেরিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ইরান, দক্ষিণ সুদান ও গিনির নাগরিকরাও সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। এদিকে, পরিচয় যাচাইয়ের অপেক্ষায় থাকা আরও ১ হাজার ১৬৩ জন অভিবাসীকেও প্রাথমিক পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন,
- মোজাফফর গ্রেপ্তারে ফের আলোচনায় জিয়া হত্যা মামলার অসমাপ্ত অধ্যায়
- কুয়াকাটায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ!পর্যটক কে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ:তদন্তের দাবি
- আগের হারেই বহাল ২০২৬ সালের বীমা নবায়ন ফি
তবে ইতালিগামী অনিয়মিত অভিবাসনের সামগ্রিক সংখ্যা আগের দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের একই সময়ে সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী। আর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন। সে তুলনায় চলতি বছরের সংখ্যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই-বাছাই শেষে এই সাময়িক পরিসংখ্যানে কিছু পরিবর্তন আসতে পারে।