বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ই-পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি সংযুক্ত করা হবে। নতুন নকশায় দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শনের বিভিন্ন উপাদানও অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন নকশা অনুযায়ী, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে স্থান পাবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিত্র। এর মাধ্যমে ওই আন্দোলনে আত্মত্যাগকারী তরুণদের স্মৃতি দেশের আন্তর্জাতিক ভ্রমণ নথিতেও সংরক্ষিত থাকবে। এছাড়া পাসপোর্টের বিভিন্ন পাতায় জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ কেল্লা, পানাম নগর ও কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনার জলছাপ ব্যবহার করা হবে।
প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির ছবিও যুক্ত করা হচ্ছে। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর জলছাপও থাকবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’—এই ঘোষণা বহাল থাকবে। দ্রুত নতুন নকশা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।