হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে হজের বিমানভাড়া কমিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। হজযাত্রীদের খরচ কমানো থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হলে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।
মধুপুর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।
মাহফিলে বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেনসহ দেশের বিশিষ্ট আলেমরা। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।