বাজারে আসার পর অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পাচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন অ্যাপ মিউজ। তৃতীয় পক্ষের অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাবে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় উন্মোচনের প্রথম ১২ দিনে মিউজের ইনস্টল সংখ্যা একই সময়ে চ্যাটজিপিটির চেয়ে বেশি ছিল। অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন ব্যবহারকারীদের মধ্যে প্রথম ১২ দিনে মিউজ প্রায় ১৮ লাখবার ইনস্টল হয়েছে। একই সময়ে চ্যাটজিপিটি ইনস্টল হয়েছিল প্রায় ১৩ লাখবার।
শুধু আইফোন নয়, মিউজ বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করা যাচ্ছে। বিশ্বজুড়ে প্রথম ১২ দিনে মিউজ মোট প্রায় ২৮ লাখবার ইনস্টল হয়েছে বলে জানিয়েছে অ্যাপটোপিয়া। তবে দুই অ্যাপের তুলনাটি সরাসরি সমান নয়। কারণ চ্যাটজিপিটি মুঠোফোনে আসার সময় প্রথম দিকে শুধু আইফোনে পাওয়া যেত। অন্যদিকে মিউজ এখন আইফোন ও অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই রয়েছে। বর্তমানে অ্যাপটি যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু রয়েছে।
দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবেও মিউজ এগিয়ে রয়েছে বলে জানিয়েছে অ্যাপটোপিয়া। যুক্তরাষ্ট্রের মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৬ লাখ ৪২ হাজার। একই সময়ে চ্যাটজিপিটির সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার। আইফোনের হিসাব আলাদাভাবে ধরলেও মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৩ লাখ ৫৯ হাজার বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে অ্যাপটোপিয়ার এই তথ্যকে চূড়ান্ত হিসাব হিসেবে দেখা যাচ্ছে না। কারণ প্রতিষ্ঠানটির কাছে মেটা বা ওপেনএআইয়ের অভ্যন্তরীণ তথ্য নেই। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এসব সংখ্যা অনুমান করা হয়েছে।
মিউজের দ্রুত বিস্তারের পেছনে মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিউজ ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হতে পারে এবং হোয়াটসঅ্যাপেও এটি ব্যবহার করা যায়। অ্যাপটোপিয়ার হিসাবে মিউজ ব্যবহারকারীদের ৯৫ শতাংশের বেশি একই সঙ্গে ফেসবুক ব্যবহার করেন। আর ৬৩ শতাংশ ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহার করেন।
এখন পর্যন্ত মেটা মিউজের প্রাথমিক ব্যবহারকারীর সংখ্যা নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি। ফলে অ্যাপটির প্রকৃত ব্যবহারকারী সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তৃতীয় পক্ষের প্রাথমিক হিসাবে বাজারে আসার অল্প সময়ের মধ্যেই মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপটি উল্লেখযোগ্যসংখ্যক ব্যবহারকারী আকর্ষণ করেছে।