শিরোনাম

লজিস্টিক জটিলতায় সৌদিতে রেড সি চলচ্চিত্র উৎসব স্থগিত

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লজিস্টিক জটিলতায় সৌদিতে রেড সি চলচ্চিত্র উৎসব স্থগিত ছবি: সংগৃহীত
লজিস্টিক জটিলতায় সৌদিতে রেড সি চলচ্চিত্র উৎসব স্থগিত ছবি: সংগৃহীত

লজিস্টিক সংক্রান্ত জটিলতার কারণে ২০২৬ সালের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে সৌদি আরব। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় উৎসবটির ষষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে বসবে এবারের আসর। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন।

ফাউন্ডেশন জানিয়েছে, বিশ্বমানের এই বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনা এবং উৎসবের সময়সূচি গভীরভাবে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, চলচ্চিত্র নির্মাতা, অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য উৎসবের বিশেষ অভিজ্ঞতা এবং আয়োজনের মান ধরে রাখতেই উপযুক্ত সময় ও পরিবেশ নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্য ও লোহিত সাগর সংলগ্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা উদ্বেগ থাকলেও, উৎসব স্থগিতের পেছনে নিরাপত্তা পরিস্থিতির কোনো প্রভাব রয়েছে কি না—এ বিষয়ে ফাউন্ডেশনের বিবৃতিতে কিছু বলা হয়নি।

তবে মূল উৎসব স্থগিত হলেও ফাউন্ডেশনের বছরব্যাপী অন্যান্য কার্যক্রম চালু থাকবে। রেড সি ফান্ড, রেড সি ল্যাবসসহ চলচ্চিত্র উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ আগের মতোই চলবে। এ ছাড়া ২০২৬ সালের নভেম্বর থেকে জেদ্দার ঐতিহাসিক কালচার স্কয়ারে বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক আয়োজন শুরুর পরিকল্পনাও রয়েছে। নির্মাতা, অংশীদার ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডেশন বলেছে, ২০২৭ সালে আরও বড় পরিসরে রেড সি চলচ্চিত্র উৎসব আয়োজনের প্রস্তুতি এখন থেকেই শুরু করা হচ্ছে।

২০১৯ সালে উৎসবটির উদ্যোগ নেওয়া হয় এবং ২০২০ সালে বসে প্রথম আসর। সৌদি আরবে দীর্ঘ ৩৫ বছরের নিষেধাজ্ঞার পর বাণিজ্যিক সিনেমা হল পুনরায় চালুর দুই বছর পর আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়। এরপর থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে সৌদি আরবের সাংস্কৃতিক উপস্থিতি জোরদারে উৎসবটি গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL