ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এদিন মামলার বাদী আদালতে হাজির হয়ে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নেন আদালত। একই সঙ্গে তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আদালত তানজিন তিশাকে নির্ধারিত তারিখে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণ অনুযায়ী, গত ২৯ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় তানজিন নাহার তিশার বিরুদ্ধে আরেকটি মামলা করেছিলেন বাদী সানায়া আনাম। ওই মামলা দায়েরের পর থেকে মামলা প্রত্যাহারের জন্য তানজিন তিশা বিভিন্ন সময়ে চাপ ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন বাদী।
অভিযোগে আরও বলা হয়, গত ৭ নভেম্বর মোবাইল ফোনে বাদীকে হুমকি দেওয়া হয় এবং অকথ্য ভাষায় হেনস্তা করা হয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন বাদী। আদালত নারাজি আবেদন মঞ্জুর করে পিবিআইয়ের প্রতিবেদনটি পুনরায় তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ—সিআইডিকে নির্দেশ দেন। এদিকে, হুমকির অভিযোগে দায়ের করা নতুন মামলায় আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে অভিনেত্রী তানজিন তিশাকে।