বিদ্যুৎ ব্যবহারে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি হলেও অস্বাভাবিক বিল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ক্যাবের এক সমীক্ষায় দেখা গেছে, বিদ্যুৎ ব্যবহারে জীবনমান উন্নত হওয়ার কথা জানিয়েছেন ৮৯ শতাংশ পরিবার। তবে ৬৯ শতাংশ পরিবার আয় বৃদ্ধির তুলনায় বিদ্যুৎ বিলের অতিরিক্ত চাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। আর ৫৫ শতাংশ পরিবার বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতাকে খারাপ বা খুব খারাপ বলে উল্লেখ করেছে।
বুধবার ২৮ অক্টোবর রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক গণসংলাপে সমীক্ষার এসব তথ্য তুলে ধরা হয়। রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মোট ৫৫৬টি পরিবারের ওপর এ সমীক্ষা পরিচালনা করা হয়।
সমীক্ষায় উঠে এসেছে, গত এক দশকে প্রান্তিক গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। উত্তরদাতাদের ৮৫ শতাংশের বিদ্যুৎ ব্যবহার এবং ৭৭ শতাংশের বাসায় বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ফ্রিজ ব্যবহারের হার ১০ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশে এবং টেলিভিশন ব্যবহারের হার ৩৪ শতাংশ থেকে ৪৮ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি ৭৬ শতাংশ পরিবার শিশুদের পড়াশোনার পরিবেশ উন্নত হওয়ার কথা জানিয়েছে। রাতে নিরাপত্তাবোধ বেড়েছে বলে জানিয়েছে ৯৭ শতাংশ পরিবার।
সমীক্ষায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার সংস্থার ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও তুলে ধরা হয়েছে। ৩১টি সরকারি বিশ্ববিদ্যালয়, ১৫০টি কলেজ, রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা মিলিয়ে মোট ১৩২ দশমিক ২৮ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ক্যাব। সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে এই সম্ভাবনা কাজে লাগানো গেলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থানও বাড়তে পারে।
এ ছাড়া পরিবারভিত্তিক বিদ্যুৎ ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে দরিদ্র পরিবার শনাক্তের একটি ১২ দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করেছে সংগঠনটি। তবে আলোচকরা সতর্ক করে বলেছেন, দুর্গম ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধার বাইরে। আবার অনেক দরিদ্র পরিবার যৌথভাবে মিটার ব্যবহার করে। ফলে শুধু বিদ্যুৎ ব্যবহারের তথ্যের ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করলে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে।
গণসংলাপে বক্তারা বিদ্যুৎ খাতে জবাবদিহি নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে ক্যাবের পক্ষ থেকে প্রান্তিক গ্রাহকদের সহায়তা পুনর্মূল্যায়ন, বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুপারিশ সরকারের কাছে তুলে ধরা হয়।
সমীক্ষার ফলাফল বলছে, বিদ্যুৎ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনলেও সাশ্রয়ী বিল ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ।