পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও হংকং। এ লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সঙ্গে হংকংয়ের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী টিএসই চিন-ওয়ানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) হংকং স্কাই সিটি ম্যারিয়ট হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, পানিদূষণ নিয়ন্ত্রণ, শব্দদূষণ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং নিরাপদ নিষ্পত্তির প্রতিটি পর্যায়ে সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে হংকংয়ের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। বৈঠকে পানিদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী বলেন, পানি ও শব্দদূষণ মানুষের স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে। এসব দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাপনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, হংকংয়ের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী টিএসই চিন-ওয়ান বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে হংকং আগ্রহী। বর্জ্য ব্যবস্থাপনা, পানিদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই পক্ষের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে। তিনি আরও জানান, হংকংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’-এর মাধ্যমে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করতে তারা আগ্রহী।
হংকংয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়ন জরুরি। প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে সহযোগিতা বাংলাদেশের পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। বৈঠকে হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুরসহ দুই পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।