শিরোনাম

বাংলাদেশ-স্পেন সহযোগিতা জোরদারে একমত দুই দেশ

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশ-স্পেন সহযোগিতা জোরদারে একমত দুই দেশ ছবি: সংগৃহীত
বাংলাদেশ-স্পেন সহযোগিতা জোরদারে একমত দুই দেশ ছবি: সংগৃহীত

বাণিজ্য, বিনিয়োগ, দক্ষ জনশক্তি নিয়োগ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও স্পেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে আলোচনাধীন চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ।বুধবার ২৮ অক্টোবর স্পেনের মাদ্রিদে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং স্পেনের পররাষ্ট্র ও বৈশ্বিক বিষয়ক প্রতিমন্ত্রী দিয়েগো মার্তিনেজ বেলিওর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং বাণিজ্য প্রদর্শনীর আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সৃজনশীল অর্থনীতি, শিল্পকলা, পর্যটন ও খেলাধুলার মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর সম্ভাবনাও উঠে আসে। সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে প্রস্তাবিত সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ। তিনি বলেন, খেলাধুলা জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

স্পেনে বসবাসরত বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপস’ উদ্যোগে স্পেনকে অংশ নেওয়ার আহ্বান জানান। এ সময় মানবপাচার ও অভিবাসী চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশের শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেন শামা ওবায়েদ। অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে স্পেনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দেশটির প্রতিমন্ত্রী দিয়েগো মার্তিনেজ বেলিও।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা ও সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে যত দ্রুত সম্ভব বাংলাদেশ-স্পেন পররাষ্ট্র দপ্তর পর্যায়ের দ্বিতীয় দফা পরামর্শ বৈঠক আয়োজনের বিষয়েও আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ। এ ছাড়া স্পেনের তোলেদোতে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শামা ওবায়েদ। নিহতদের পরিবারের সদস্য এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানান তিনি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL