সংবাদ শিরোনামঃ

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী চলচ্চিত্র ‘নয়া মানুষ’

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী চলচ্চিত্র ‘নয়া মানুষ’ ছবি: সংগৃহীত
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী চলচ্চিত্র ‘নয়া মানুষ’ ছবি: সংগৃহীত

বাংলাদেশি চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরতে নিউইয়র্কে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর। আর এই উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে সোহেল রানা বয়াতি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

আগামী ৩০ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের আরটিভি থিয়েটারে প্রদর্শনের মাধ্যমে উৎসবের পর্দা উঠবে। আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস ‘বেদনার বালুচরে’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। সিনেমাটিতে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ, শিখা কর্মকারসহ একঝাঁক গুণী শিল্পী।

উৎসবে অংশগ্রহণ নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ‘নয়া মানুষ’ প্রদর্শিত হলেও নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, এই উৎসবে শুধুমাত্র বাংলাদেশের নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত ও পুরস্কৃত হবে, যা দেশীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলবে।

সুপার সাইক্লোন সিত্রাং চলাকালে চাঁদপুরের দুর্গম কানুদীর চরে ধারণ করা হয়েছে সিনেমাটির দৃশ্য। চলচ্চিত্রটির সংগীতেও রয়েছে দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ। তিন দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশের নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার প্রদান।

এ উপলক্ষে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতোমধ্যেই নিউইয়র্কে পৌঁছেছেন। আয়োজকদের প্রত্যাশা, নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

এলাকার খবর

সম্পর্কিত