দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বে উঠে আসছে নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনচিত্র। এবারের পর্বের ধারণ করা হয়েছে লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবাহী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মিত নান্দনিক মঞ্চে।
অনুষ্ঠানে থাকছে দুটি বিশেষ গান। এর একটি পরিবেশন করেছেন লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা এবং ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আকাশ মাহমুদ। এছাড়া জেলা পরিচিতিমূলক নৃত্যগীতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পরিবেশনাটি কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।
এবারের পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী এবং লক্ষ্মীপুরের কৃতী সন্তান নিশাত মজুমদারের একান্ত সাক্ষাৎকার। পাশাপাশি রয়েছে নদীর সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকা এক নিঃস্ব মাঝির জীবন নিয়ে মানবিক প্রতিবেদন।
অনুষ্ঠানের বিদেশি পর্বে তুলে ধরা হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় উপকূলীয় সড়ক ‘গ্রেট ওশান রোড’-এর গল্প। এছাড়া কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ, দর্শকপর্ব, চিঠিপত্র, সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয়ভিত্তিক ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে এবারের আয়োজনের অংশ হিসেবে।
বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। শিল্প নির্দেশনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে ফাগুন অডিও ভিশন নির্মিত ‘ইত্যাদি’র এই বিশেষ পর্ব আগামী ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।