সংবাদ শিরোনামঃ

স্পাইডার-ম্যান ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন মেরি রিভেরা

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
স্পাইডার-ম্যান ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন মেরি রিভেরা ছবি: সংগৃহীত
স্পাইডার-ম্যান ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন মেরি রিভেরা ছবি: সংগৃহীত

মার্ভেলের ইতিহাসে অন্যতম সফল সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ নেডের নানি চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা আর নেই। ৮২ বছর বয়সে মারা গেছেন এই অভিনেত্রী। তার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গন ও স্পাইডার-ম্যান ভক্তদের মাঝে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেরি রিভেরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ মেরির উপস্থিতি ছিল খুবই সংক্ষিপ্ত। তবে মাত্র কয়েক মুহূর্তের সেই উপস্থিতিই দর্শকদের মনে দাগ কেটে যায়।

সিনেমার একটি দৃশ্যে নেড ও এমজে যখন অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যানকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ঘরে প্রবেশ করেন নেডের নানি। এরপর অ্যান্ড্রুর স্পাইডার-ম্যানকে ছাদের কোণ থেকে মাকড়সার জাল পরিষ্কার করার নির্দেশ দেন তিনি। দৃশ্যটি মুহূর্তেই দর্শকদের মধ্যে হাসির পরিবেশ তৈরি করে। বিশেষ করে অ্যান্ড্রু গারফিল্ড, টোবি ম্যাগুইয়ার, টম হল্যান্ড, জেনডায়া ও জ্যাকব ব্যাটালনের মতো তারকাদের সঙ্গে একই দৃশ্যে মেরি রিভেরার উপস্থিতি তাকে ভক্তদের কাছে বিশেষভাবে স্মরণীয় করে তোলে।

পরিবারের এক সদস্য জানিয়েছেন, সিনেমাটিতে নিজের ছোট্ট কিন্তু স্মরণীয় ভূমিকাটি নিয়ে মেরি রিভেরা অত্যন্ত গর্বিত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্পাইডার-ম্যান ভক্তরা শোক প্রকাশ করছেন। অনেকেই সিনেমার সেই হাস্যরসাত্মক দৃশ্যটি স্মরণ করে মেরির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ১৯৪৩ সালের ২ জুন ফিলিপাইনের ইলোইলোতে জন্মগ্রহণ করেন মেরি এগিদা রিভেরা। অভিনয়ের পাশাপাশি তিনি পেশাগত জীবনে একজন অবসরপ্রাপ্ত মিশনারি ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্বামী আলেজান্দ্রো রিভেরা, চার সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং চারজন পুতি-পুতিনি রেখে গেছেন। মার্ভেলের বিশাল তারকাবহুল সিনেমায় কয়েক মিনিটের উপস্থিতি দিয়েও দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া মেরি রিভেরা এখন স্মৃতিতে বেঁচে থাকবেন ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর সেই হাস্যরসাত্মক দৃশ্যের মাধ্যমে।

এলাকার খবর

সম্পর্কিত