প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি এনসিপির অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও তানভীরের আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী। আইনজীবী জানান, কারামুক্তির পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তানভীরকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হচ্ছে।
মামলার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরী পাড়া থেকে আইনশৃঙ্খলা বাহিনী তানভীরকে গ্রেপ্তার করে। একই দিন তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কারাগারে থাকা অবস্থায় তানভীর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
তানভীরের শারীরিক অসুস্থতার কারণে জামিন শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করে আসামিপক্ষ। পরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট তাজুল ইসলাম হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট তানভীরের এক বছরের জামিন মঞ্জুর করেন।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও কাগজপত্র যাচাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি। তার আইনজীবীর দাবি, তানভীর প্যানিক ডিজঅর্ডার, তীব্র মাথাব্যথা ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে গত ১৫ আগস্ট কারাগারে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বলেও জানান আইনজীবী।