২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এবারের পরীক্ষায় কলেজটির পাসের হার ৯২ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে ৩৫৬ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।
জাতীয় ও বোর্ডের গড় ফলাফলের তুলনায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এ সাফল্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ফলাফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
কৃতিত্বপূর্ণ এ ফলাফলে আনন্দিত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতেও এমন সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের ফলাফলেও প্রতিষ্ঠানটি নিজেদের সাফল্যের স্বাক্ষর রেখেছে।