টাঙ্গাইলকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি বলেছেন, মাদকমুক্ত টাঙ্গাইল গড়তে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৃষ্টি শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মন, মানসিকতা ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, টাঙ্গাইলকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি।
এ লক্ষ্যে ভাসানী হল ও জিমনেসিয়াম অবমুক্ত করার বিষয়ে তাঁর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৫৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।