চুরি হওয়ার দীর্ঘ ২১ দিন পর আদালতের নির্দেশে উদ্ধারকৃত নিজ মোটরসাইকেলটি বুঝে পেয়েছেন দৈনিক জনবাণী পত্রিকার সাংবাদিক আব্দুর রহমান মোল্লা। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তার হাতে গাড়িটি হস্তান্তর করা হয়।
জানা যায়, গত ২১ দিন আগে চুরি হওয়া নীল (ব্লু) রঙের 'সুজুকি জিক্সার' (Suzuki Gixxer) মডেলের মোটরসাইকেলটি (রেজি: নং ঢাকা মেট্রো-ল-৫৯-৯১০২) পুলিশ উদ্ধার করে জব্দকৃত আলামত হিসেবে থানায় রাখে। পরবর্তীতে মালিকানা সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা ছিদ্দিকা মোটরসাইকেলটি প্রকৃত মালিক ও মামলার বাদী (এজাহারকারী) আব্দুর রহমান মোল্লার জিম্মায় প্রদানের আদেশ দেন।
আদালতের সেই আদেশের পরিপ্রেক্ষিতে আজ ১৭ নভেম্বর ২০২৬ তারিখে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির জিম্মানামা মূলে সাংবাদিক আব্দুর রহমান মোল্লার কাছে মোটরসাইকেলটি বুঝিয়ে দেন। গাড়ি হস্তান্তরের সময় দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার সাংবাদিক নিপা আক্তারসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্যান্য উপ-পরিদর্শক (এসআই) ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মোটরসাইকেলটি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করলেও এ ঘটনায় জড়িত মূল চোর ও চোরচক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রহমান মোল্লা ও উপস্থিত সাংবাদিকবৃন্দ।