শিরোনাম

ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করবে সরকার

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করবে সরকার ছবি: Collected
ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করবে সরকার ছবি: Collected
দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার একটি করে বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোর নামকরণ ও নির্মাণপ্রক্রিয়ায় বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।

সংসদে বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এসব গুরুত্বপূর্ণ খাত পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছে। একইভাবে শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে এবং চিকিৎসাব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, দেশের গ্রামীণ চিকিৎসাসেবার উন্নয়নও অতীতে বাধাগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষকে বিদেশে যেতে বাধ্য হতে হয়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। তাই শ্রমিকসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশাবাদও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL