ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর ও এর আশেপাশের এলাকায় যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। ১৮ আগস্ট ২০২৬, স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কদমতলী এলাকার ফুটপাত এবং মূল সড়কের কিছু অংশ দখল করে অবৈধ দোকানপাট, সিএনজি ও প্রাইভেটকারের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছিল।
এর ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো এবং সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো। প্রশাসনের পক্ষ থেকে সড়ক পরিষ্কার ও উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর আবারও কিছু অসাধু ব্যবসায়ী ও হকার ফুটপাত দখল করার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর আগে কদমতলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল এবং আইন অমান্যকারীদের জরিমানা করা হয়েছিল।
প্রশাসনের কড়া নজরদারির পরও বারবার ফুটপাত পুনর্দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও স্থানীয় সচেতন মহল।
জনদুর্ভোগ কমাতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।