শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর জাতীয় ছাত্রশক্তির পাঠানো এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের মূলনীতি, দলীয় নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থী কার্যকলাপের অভিযোগে রাব্বি হোসেনকে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার একটি ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেন রাব্বি হোসেন। ওই মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। এরপর একদল শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। সেখান থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করে রাব্বি হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, তিনি শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ মন্তব্যটি সার্কাজম হিসেবে করেছিলেন। তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. শামছুল আলম জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীদের মাধ্যমে রাব্বি হোসেনকে প্রক্টর অফিসে আনার পর পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে বলে জানান তিনি। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক ছাত্রকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রাব্বি হোসেন জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি জাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিকে শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানেও পুলিশি অভিযান ও আটকের খবর পাওয়া গেছে।