বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদর দপ্তরে বাংলাদেশের সংশ্লিষ্ট কন্সটিটুয়েন্সির ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ সংশ্লিষ্ট কন্সটিটুয়েন্সির জন্য বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে আবদুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগের মেয়াদ তিন বছর কার্যকর থাকবে। তবে নিয়োগের শর্ত অনুযায়ী, তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত থাকবে। একই সঙ্গে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখা যাবে না।
জনস্বার্থে জারি করা এ আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। মো. আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নেন। ২০২৬ সালের জুনে সরকারি চাকরির নিয়মিত মেয়াদ পূর্ণ হলে তিনি অবসরে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আবদুর রহমান খান। পরে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে পেশাগত ডিগ্রি নিয়ে এফসিএমএ সনদ লাভ করেন। তিনি বিসিএস কর ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। এবার অবসর-পরবর্তী সময়ে বিশ্বব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সাবেক এই শীর্ষ রাজস্ব কর্মকর্তা।