আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে ভক্ত-সমর্থকদের অপেক্ষা যেন আর শেষই হচ্ছে না। আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটিকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। বিদায়ী ম্যাচের জার্সি নিয়েই এবার নিজেই ভক্তদের কৌতূহল মিটিয়েছেন মেসি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওতে দেখা যায়, দেয়ালে টাঙানো আর্জেন্টিনার প্রচলিত জার্সির পরিবর্তে বিশেষ একটি জার্সি রাখা হয়েছে।
জার্সিটিতে আকাশী-নীলের মাঝে রয়েছে সূর্যের নকশা। সামনে সোনালি রঙে লেখা মেসি ও ১০। পাশেই রাখা হয়েছে আকাশী-নীল রঙের এক জোড়া জুতো। ছবির সঙ্গে মেসি লিখেছেন, ‘একটা মাত্র ম্যাচ। সারা জীবনের এক জার্সি।’ তার এই পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় শুরু হতে পারে। জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে বিশেষ এই জার্সি পরেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বজয়ী অধিনায়ক।
আরও পড়ুন,
- ২৫ সেপ্টেম্বর প্রচারিত হবে ঐতিহ্য ও প্রকৃতি নিয়ে ইত্যাদির নতুন পর্ব
- শিল্পের যন্ত্রপাতি আমদানিতে কমল প্রশাসনিক বাধা
- ঢাকা - চট্টগ্রামে বাসের ভাড়া বেড়ে ২ টাকা ৭০ পয়সা
তবে মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার আরও দুটি ম্যাচ রয়েছে। ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে এবং ২ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। মনুমেন্তালে মেসির শেষ ম্যাচে তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ আনহেল দি মারিয়াও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ফলে ৬ অক্টোবরের ম্যাচটি আর্জেন্টাইন ফুটবল ও মেসিভক্তদের জন্য হয়ে উঠতে পারে আবেগঘন এক বিদায়ী আয়োজন।