শিরোনাম

বিমানবন্দরে দুই দিন-রাত কাটিয়ে দেশে ফিরলেন টিটি খেলোয়াড়রা

খেলা ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিমানবন্দরে দুই দিন-রাত কাটিয়ে দেশে ফিরলেন টিটি খেলোয়াড়রা ছবি: সংগৃহীত
বিমানবন্দরে দুই দিন-রাত কাটিয়ে দেশে ফিরলেন টিটি খেলোয়াড়রা ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে আকস্মিক বন্যায় ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় আটকে পড়া বাংলাদেশের টেবিল টেনিস ও পুরুষ কাবাডি দল অবশেষে দেশে ফিরেছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে দুই দলের সদস্যরা ঢাকায় পৌঁছান। তবে দেশে ফিরলেও এখনও নিজেদের লাগেজ হাতে পাননি তারা। থাই এয়ারওয়েজের পক্ষ থেকে লাগেজ ঢাকায় পৌঁছালে তাদের জানানো হবে বলে জানিয়েছে।

টেবিল টেনিস দলের কোচ মোহসিনুল আলম ঝিনু ঢাকা থেকে জানান, শেষ পর্যন্ত তারা দেশে ফিরতে পেরেছেন। তবে লাগেজ কবে পাওয়া যাবে তা এখনো নিশ্চিত নয়। এর আগে টানা দুই দিন থাইল্যান্ডের বিমানবন্দরের বোর্ডিং গেটের সামনে অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশি খেলোয়াড়দের। কয়েক দফা ফ্লাইটের শিডিউল দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

প্রথম দিন যাত্রীদের প্রতি বেলা ৪০০ বাথ করে দেওয়া হলেও পরদিন থেকে সেই সুবিধাও পাওয়া যায়নি বলে অভিযোগ দলের সদস্যদের। এমনকি রাতে বিমানবন্দরের চেয়ারে বসেই সময় কাটাতে হয়েছে খেলোয়াড়দের। গত পরশু আকস্মিক বন্যায় ব্যাংককের জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে। এর প্রভাব পড়ে বিমান চলাচলেও। ফলে থাইল্যান্ডের বিমানবন্দরে আটকা পড়েন বাংলাদেশের টেবিল টেনিস দলের রামহিম লিয়ান বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসিসহ দলের কোচ ও ফেডারেশনের সদস্য মোহসিনুল আলম ঝিনু।

অন্যদিকে বাংলাদেশ দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় আগেই দেশে ফিরতে পেরেছিলেন। বন্যার কারণে ফ্লাইট সূচিতে তৈরি হওয়া জটিলতায় দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষার পর অবশেষে দেশে ফিরেছেন দুই দলের সদস্যরা। তবে লাগেজ না পাওয়ায় দেশে ফিরেও তাদের অপেক্ষা এখনো শেষ হয়নি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL