জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কমিটিতে পদ বণ্টনের ক্ষেত্রে স্পষ্ট ও প্রকাশ্য মাপকাঠি থাকা উচিত বলে মন্তব্য করেছেন দলটির সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার মতে, কোন যোগ্যতার ভিত্তিতে কে কোন পদ পাচ্ছেন, তা জনগণের কাছে পরিষ্কার না থাকলে প্রতিটি পদ নিয়েই প্রশ্ন উঠবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। গত ৫ নভেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন সামান্তা শারমিন। ওই দিন বিকেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠান তিনি। এর আগে ২৩ অক্টোবর পুনর্গঠিত কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদাবনতি হয়েছে বলে আলোচনা হয়।
তবে পদাবনতি নিয়ে আলোচনার জবাবে সামান্তা প্রশ্ন তোলেন, কোন মাপকাঠিতে তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল। তিনি বলেন, দলের বিরোধিতা করার কারণে যদি তাকে নিচের পদে রাখা হয়ে থাকে, তাহলে সেটিও স্পষ্টভাবে জানানো উচিত। গণ-অভ্যুত্থানে নেতাদের ভূমিকার ভিত্তিতে পদ বণ্টনের বিষয়েও প্রশ্ন তোলেন এনসিপির সাবেক এই নেত্রী। তার বক্তব্য, এক দফার ঘোষক হিসেবে নাহিদ ইসলাম আহ্বায়ক হলে লংমার্চের ঘোষক আসিফ মাহমুদের অবস্থান কেন ছয় নম্বরে এবং ছয় সমন্বয়কের একজন নুসরাত তাবাসসুম কেন রাজনৈতিক পরিষদের শেষের দিকে—সেসব বিষয়েও নির্দিষ্ট মাপকাঠি থাকা প্রয়োজন।
সামান্তা শারমিন বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেমন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার নির্দিষ্ট শর্ত প্রকাশ করা হয়, রাজনৈতিক দলের পদ বণ্টনের ক্ষেত্রেও তেমন স্বচ্ছতা থাকা দরকার। এতে নিয়োগ বা পদ বণ্টন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে এবং জবাবদিহি নিশ্চিত হয়। তিনি আরও বলেন, কোনো দল জনগণের দল বা গণসংগঠন হলে জনগণের কাছেই তার জবাবদিহি থাকতে হবে। পদ বণ্টনকে শুধু দলের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখার সুযোগ নেই।
দলের ভেতরে নিজের অবস্থান প্রসঙ্গে সামান্তা জানান, তিনি নীতিনির্ধারণী পর্যায়ে থাকায় তুলনামূলকভাবে বেশি কথা বলার সুযোগ পেয়েছেন। তবে তার চেয়ে নিচের পর্যায়ের নেতাদের জন্য ভিন্নমত প্রকাশ করা কঠিন হতে পারে। এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর জোট নিয়েও নিজের ভিন্ন অবস্থানের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি। এ ছাড়া কাউন্সিল এড়িয়ে কমিটি পুনর্গঠন এবং দলে নারীদের অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।
নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার বিষয়ে সামান্তা জানিয়েছেন, আগে সমমনা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন। এরপর নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পথ নির্ধারণ করবেন।