বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে নেওয়া সংস্কার উদ্যোগের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের বা ওয়াইপার ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে অসামান্য বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে ইনভেস্ট বাংলাদেশ।
বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ এবং ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এগিয়ে নিতে সংস্থাটির ভূমিকা এ স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার ১০ নভেম্বর জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইনভেস্ট বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ওয়াইপা বিশ্বের ১০০টির বেশি দেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থার আন্তর্জাতিক সংগঠন। সংস্থাটির স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী স্বল্পোন্নত দেশগুলোর বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম মূল্যায়ন করে এ বিশেষ স্বীকৃতি দেয়।
ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, ২০২৫ সালে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নেওয়া সংস্কার কার্যক্রম এ পুরস্কারের অন্যতম ভিত্তি। এসব সংস্কার প্রণয়নের আগে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করা হয়। তাদের মতামতের ভিত্তিতে আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ এবং বিদেশি পেশাজীবীদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল ও সময়সীমাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
পাশাপাশি বিদেশি ঋণ গ্রহণ এবং বিনিয়োগের মূলধন প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করার কাজও এগিয়ে নেওয়া হয়। বড় বিনিয়োগকারীদের সমস্যা সমাধানে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে চালু করা হয় অ্যাম্বাসেডর কর্মসূচি। বিদেশি বিনিয়োগ আকর্ষণে এফডিআই হিটম্যাপের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে ১৯টি অগ্রাধিকার খাত।
এ ছাড়া বিনিয়োগকারীদের সরকারি সেবা সহজ করতে চালু হয়েছে সমন্বিত ডিজিটাল বিনিয়োগ সেবা প্ল্যাটফর্ম বাংলাবিজ। এর মাধ্যমে ৪৭টি সরকারি সংস্থার ১৪২টির বেশি সেবা বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে এপিএম টার্মিনালসের ৫৫ কোটি ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এগিয়ে নিতে ইনভেস্ট বাংলাদেশের ভূমিকা। অত্যাধুনিক ও সম্পূর্ণ বিদ্যুৎচালিত টার্মিনালটি ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৪৪ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীরা যেন সহজে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন, সেই পরিবেশ তৈরি করাই সংস্থাটির মূল লক্ষ্য। সরকারের সমর্থন, অংশীজনদের সহযোগিতা এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল এ আন্তর্জাতিক স্বীকৃতি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে বিভিন্ন খাত ও দেশ থেকে সম্ভাব্য ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে ইনভেস্ট বাংলাদেশ। এসব প্রস্তাব বাস্তব বিনিয়োগে রূপ দেওয়াই এখন সংস্থাটির অন্যতম অগ্রাধিকার।