শিরোনাম

৭ দশমিক ৫ শতাংশ সুদে আসছে ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
৭ দশমিক ৫ শতাংশ সুদে আসছে ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড ছবি: সংগৃহীত
৭ দশমিক ৫ শতাংশ সুদে আসছে ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি খাতে প্রথমবারের মতো এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। তিন বছর মেয়াদি এই বন্ডের বার্ষিক সুদের হার নির্ধারণ করা হয়েছে সাড়ে ৭ শতাংশ। বন্ড থেকে প্রাপ্ত আয় সম্পূর্ণ করমুক্ত থাকবে। আগামী ১৫ নভেম্বর থেকে বন্ডটি ইস্যু করা শুরু হবে। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।

তিনি জানান, দেশের পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে অর্থায়নের সুযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গ্রিন বন্ড অর্থায়ন নীতিমালা অনুসরণ করে ইস্যু হতে যাওয়া বন্ডটির অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন নির্মাণ এবং শিল্পকারখানায় জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়ানোর কাজে বিনিয়োগ করা হবে।

ব্র্যাক ব্যাংকের এমডি বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং শিল্পকারখানায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অনেক শিল্পপ্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। গ্রিন বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ সাশ্রয়ী ও সহজ শর্তে এসব প্রকল্পে অর্থায়নে ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, এই বন্ড ব্র্যাক ব্যাংকের টেকসই অর্থায়নের যাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। পাশাপাশি দেশের পুঁজিবাজারের বিকাশেও ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্ডটি হবে অরূপান্তরযোগ্য, সম্পূর্ণ পরিশোধযোগ্য ও জিরো-কুপন বন্ড। এর অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। করপোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তি বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারবেন। প্রযোজ্য বিধিবিধান ও শর্ত পূরণ সাপেক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ফান্ড থেকেও বিনিয়োগের সুযোগ থাকবে। বন্ডের অর্থ যথাযথভাবে পরিবেশবান্ধব প্রকল্পে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে প্রতিবছর আন্তর্জাতিক মানদণ্ডে অডিট করা হবে। পাশাপাশি গ্রাহক নির্বাচন ও অর্থের ব্যবহার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে ব্যাংকটি।

বন্ডটি আন্তর্জাতিক ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের গ্রিন বন্ড মূলনীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এর পরিবেশবান্ধব বৈশিষ্ট্য ও টেকসই কাঠামো মূল্যায়নে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস একটি স্বাধীন সেকেন্ড-পার্টি ওপিনিয়ন দিয়েছে। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহীন ইকবাল বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন ব্যাংকটির চিফ কমিউনিকেশন অফিসার একরাম কবীর।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL