যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা প্রশমিত হয়েছে।
সোমবার ১৯ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১টা ৪১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৮১ ডলার ৮৪ সেন্টে। অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০২ ডলার ৭০ সেন্টে পৌঁছায়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতির গতিপ্রকৃতি এবং চলতি বছরের শেষ দিকে সুদের হার কোন দিকে যেতে পারে—এসব বিষয় এখন স্বর্ণের বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ অবস্থান থেকে নেমে আসে। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও শুল্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছাড় দেওয়ার পর দেশটি থেকে জ্বালানি রপ্তানি বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক ও উৎপাদক মূল্যসূচকের তথ্য প্রত্যাশার তুলনায় শক্তিশালী ছিল। জ্বালানির, বিশেষ করে পেট্রলের দাম বৃদ্ধি এর অন্যতম কারণ। তবে তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, তেলের দামে নিম্নমুখী প্রবণতা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক। ভবিষ্যতে তেলের দাম ধারাবাহিকভাবে কমলে কিংবা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার স্পষ্টভাবে নেমে এলে স্বর্ণের বাজার আরও সুবিধা পেতে পারে।
এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের ফেডারেল ওপেন মার্কেট কমিটির সুদের হারসংক্রান্ত বৈঠক এবং আগামী সপ্তাহে প্রকাশিতব্য ব্যক্তিগত ভোগ ব্যয় বা পিসিই মূল্যসূচকের দিকে। মূল্যস্ফীতি পরিমাপে পিসিই সূচককে গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচনা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে, সোমবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ ডলার ৫৩ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ।
বিশ্লেষকদের মতে, সুদের হার ও মূল্যস্ফীতির পরবর্তী গতিপথের ওপর নির্ভর করবে স্বর্ণসহ মূল্যবান ধাতুর বাজারের ভবিষ্যৎ প্রবণতা।