সারাদেশে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে খুলনা ও চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে দুইজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে আরও দুজন মারা গেছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৩০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৭৫ জন এবং বরিশাল বিভাগে ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১৮১ জনের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া রাজশাহী বিভাগে ১০৪ জন ময়মনসিংহে ৯৩ জন রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়। আগস্টে মারা যান আরও ৪৩ জন। আর সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই প্রাণ গেছে ৫২ জনের।
সব মিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ৭৫ জন। খুলনা বিভাগে ২৭ জনের পাশাপাশি ময়মনসিংহে ১৫ জন বরিশালে ১২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ৬ জন এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।
ক্রমবর্ধমান এই পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।