শিরোনাম

সংক্ষিপ্ত হচ্ছে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংক্ষিপ্ত হচ্ছে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ছবি: সংগৃহীত
সংক্ষিপ্ত হচ্ছে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পূর্বপরিকল্পিত সফরসূচিতে পরিবর্তন এনে এবার সানফ্রান্সিসকো সফর বাতিল করা হয়েছে। রাষ্ট্রীয় কাজের ব্যস্ততা এবং সময় ও ব্যয় সাশ্রয়ের বিষয় বিবেচনায় নিয়ে সফরটি সংক্ষিপ্ত করা হচ্ছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে।

ফলে এবারের সফর মূলত নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিকেন্দ্রিক হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের সরকারপ্রধান এবং মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী।

সফরসূচি এখনো চূড়ান্ত না হলেও ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর বিষয়টি মোটামুটি নিশ্চিত বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এরপর ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে সরকারি অর্থে কোনো নাগরিক সংবর্ধনা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীরা নিজেদের অর্থায়নে কোনো সৌজন্য আয়োজন করলে তাতে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন এটি নিশ্চিত। তবে তিনি কতদিন থাকবেন এবং সফরসঙ্গী কারা হবেন তা এখনো চূড়ান্ত করা হচ্ছে।

এদিকে প্রায় দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে দেশটির বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে। নিউইয়র্কে তাকে স্বাগত জানানো এবং নাগরিক সংবর্ধনার আয়োজন নিয়ে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপির সাংগঠনিক কমিটি দীর্ঘদিন ধরে না থাকায় সফরকালে এ বিষয়ে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে পারেন বলেও সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।

সব মিলিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রবাসীদের সঙ্গে কর্মসূচিকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর পরিচালিত হওয়ার কথা রয়েছে।

বিষয়:

সফর
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL