বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা চীনা নৌবাহিনীর দুটি জাহাজ থাং শান ও দা ছিং পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার চট্টগ্রাম বন্দরে অবস্থানরত জাহাজ দুটি পরিদর্শন করেন তারা। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চীনা নৌবাহিনীর জাহাজ দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাহাজে ব্যবহৃত আধুনিক নৌ সরঞ্জাম ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে তিনি অবহিত হন। পরে জাহাজ দুটির কমান্ডিং অফিসার, কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান।
মতবিনিময়ে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও নৌ সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়েও কথা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর থাং শান ও দা ছিং চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা এবং সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে বাংলাদেশের জলসীমা ত্যাগের সময় চীনা নৌবাহিনীর জাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া পাসেক্সে অংশ নেবে।