সংবাদ শিরোনামঃ

বাংলাদেশে এলএনজি সরবরাহ ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী মালয়েশিয়া

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশে এলএনজি সরবরাহ ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী মালয়েশিয়া ছবি: সংগৃহীত
বাংলাদেশে এলএনজি সরবরাহ ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী মালয়েশিয়া ছবি: সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে দুই দেশের জ্বালানি, বিনিয়োগ, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি। ফোনালাপের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, বাংলাদেশ-মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে দুই নেতা গুরুত্ব দিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশের চলমান প্রাকৃতিক গ্যাস সরবরাহ সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এ ক্ষেত্রে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

এছাড়া টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অ্যাক্সিয়াটার বিনিয়োগ কার্যক্রমের অগ্রগতি এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এমএমসি পোর্টের সঙ্গে সম্ভাব্য কৌশলগত সহযোগিতা নিয়েও দুই নেতা আলোচনা করেন। আনোয়ার ইব্রাহিম বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের কল্যাণের ভিত্তিতে মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন। ওই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন সহযোগিতা ও সমঝোতা সংক্রান্ত দলিলে স্বাক্ষর হয়।

এলাকার খবর

সম্পর্কিত