শিরোনাম

রোহিঙ্গা সংকট নিয়ে আইসিআরসির সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রোহিঙ্গা সংকট নিয়ে আইসিআরসির সঙ্গে শামা ওবায়েদের বৈঠক ছবি: সংগৃহীত
রোহিঙ্গা সংকট নিয়ে আইসিআরসির সঙ্গে শামা ওবায়েদের বৈঠক ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি—আইসিআরসিকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইসিআরসির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক রেজিস সাভিওজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে সরকারের জনকেন্দ্রিক ও মানবিক সামাজিক সুরক্ষা কার্যক্রম তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’ উদ্যোগের সম্ভাব্য প্রভাব সম্পর্কেও আইসিআরসি প্রতিনিধিকে অবহিত করেন। এ সময় নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল হয়রানির বিষয়টি তুলে ধরে নতুন ধরনের ডিজিটাল হুমকি ও এর মানবিক প্রভাব মোকাবিলায় আইসিআরসির সহযোগিতা চান শামা ওবায়েদ। আন্তর্জাতিক মানবিক আইন নিয়ে ঢাকায় আইসিআরসির একটি আঞ্চলিক বৈঠক আয়োজনের বিষয়টিও বিবেচনা করার প্রস্তাব দেন তিনি। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রাখাইন রাজ্যে নৃশংসতা ও রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পূর্ণ হওয়ার প্রসঙ্গ তুলে ধরে আইসিআরসির চলমান মানবিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি রোহিঙ্গাদের জন্য এই সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান এবং মিয়ানমারে তাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আইসিআরসির আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। অন্যদিকে আইসিআরসির আঞ্চলিক পরিচালক রেজিস সাভিওজ বাংলাদেশের সঙ্গে সংস্থাটির অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন তিনি। একই সঙ্গে মানবিক আইন প্রচার, সক্ষমতা বৃদ্ধি ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন আইসিআরসির এই কর্মকর্তা।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL