শিরোনাম

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ছবি: সংগৃহীত
৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রো গার্মেন্টস, লিবার্টিসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়েও প্রতিবাদ জানান তারা। সড়কের দুই পাশে আটকে পড়ে যানবাহন। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে রওনা দেন। কেউ কেউ বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিবু মার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন। এ ছাড়া শ্রমিক আমজাদ হোসেন কামালসহ সব শ্রমিক হত্যার বিচারে বিচার বিভাগীয় কমিশন গঠন, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং সর্বস্তরে শ্রম আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া লিবার্টি গার্মেন্টসের শ্রমিক সোহেল মিয়া বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে এবং শ্রমিকদের সব দাবি মেনে নিতে হবে। আরেক শ্রমিক আনোয়ারা বেগম জানান, বেলা সাড়ে ১১টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সড়কে নামেন। পরে দুপুরে তারা লিংক রোড অবরোধ করেন।

আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক জানান, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ চলছিল। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ অব্যাহত ছিল।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL