যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) থাপ্পড় মেরে এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত তানভীরুল হককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। আহত শিক্ষার্থী জুয়েল আল ইমরান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল ও এর আশপাশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও শৃঙ্খলাবিরোধী ঘটনায় তানভীরুল হকের বিরুদ্ধে জুয়েল আল ইমরানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
আদেশ অনুযায়ী, বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। সাময়িক বহিষ্কার চলাকালে তানভীরুল হক বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ক্লাস, পরীক্ষা কিংবা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসে তাঁর প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হলো।