প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিন পূর্তি এবং আগামীর বাংলাদেশের সমৃদ্ধি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের ২ নম্বর সহসভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কলাভবন প্রদক্ষিণ করে ভিসি চত্বর, টিএসসি ও শহীদ মিনার হয়ে কার্জন হলে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার সফলভাবে ১৮০ দিন পূর্ণ করেছে। এ সময়ে জনগণের প্রত্যাশা পূরণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগকে তারা স্বাগত জানান।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে তারা বিশ্বাস করেন। ছাত্রদলের এই নেতা আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মিছিলে কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের নেতারাও মিছিলে অংশ নেন। মিছিল থেকে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানানো হয় এবং দেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।