শিরোনাম

অ্যাপোনিয়ার শাড়ি নিয়ে মামলা

শাড়ির মামলায় জামিন পেলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শাড়ির মামলায় জামিন পেলেন তানজিন তিশা ছবি: সংগৃহীত
শাড়ির মামলায় জামিন পেলেন তানজিন তিশা ছবি: সংগৃহীত

অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই জামিন বহাল থাকবে।

জামিন পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন তানজিন তিশা। সেখানে তিনি মামলাটিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিজের বক্তব্য তুলে ধরেন। তিশার দাবি, যে নারীর সঙ্গে শুরুতে শাড়ি নিয়ে তার কথা হয়েছিল, তিনি নিজে আড়ালে থেকে অন্য একজনকে দিয়ে মামলা করিয়েছেন। ওই নারীর কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী।

তিশা আরও দাবি করেন, মামলার কেন্দ্রবিন্দুতে থাকা শাড়িটি পরে তিনি আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি প্রকাশ করেছিলেন এবং সেখানে ‘অ্যাপোনিয়া’র পেজও উল্লেখ করেছিলেন। তার অভিযোগ, বিষয়টি পরিষ্কার থাকার পরও একই ঘটনায় মামলা করা হয়েছে। এটিকে তিনি প্রকৃত আইনি বিরোধের বদলে নেতিবাচক প্রচারণা ও প্রচার পাওয়ার কৌশল হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ওই নারীর স্বামী সচিব হওয়ায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলেন তিশা।

তবে মামলার অভিযোগে ভিন্ন তথ্য রয়েছে। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজটি থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দিলেও পরে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি করা হয়। আদালত শুনানি শেষে তিশার জামিন মঞ্জুর করায় আপাতত স্বস্তি পেয়েছেন এই অভিনেত্রী। তবে মামলার অভিযোগ ও তিশার পাল্টা বক্তব্য—দুই পক্ষের দাবিই এখন আদালতের পরবর্তী কার্যক্রমে যাচাই হবে। এদিকে অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও ব্যস্ত তানজিন তিশা। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় তাকে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL