ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৪ ঘণ্টা অবাধ চলাচল ও সার্বক্ষণিক নিরাপত্তার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নারী শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব অদিতি ইসলাম এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তানজিলা ইসলাম বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, তারা কোনো বিশেষ অনুগ্রহ বা সাময়িক শিথিলতা চান না। একজন প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে ক্যাম্পাসে ২৪ ঘণ্টা অবাধে চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করা তাদের অধিকার। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের সময়সীমা বা বিধিনিষেধ থাকলে তা তাদের স্বাভাবিক ও স্বাধীন চলাচলের অধিকারকে বাধাগ্রস্ত করে। শিক্ষার্থীরা আরও বলেন, নিরাপত্তার নামে তাদের চলাচলে সীমাবদ্ধতা আরোপ না করে বরং ক্যাম্পাসে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে দিন-রাত সবসময় তারা নিরাপদে চলাফেরা করতে পারেন। ‘অবরোধবাসিনী’ প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আন্দোলনের অংশ হিসেবে অবস্থান কর্মসূচি, পথসভা এবং হলভিত্তিক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীদের বক্তব্য, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। নিরাপত্তার অজুহাতে তাদের স্বাধীন চলাচলের অধিকার সীমিত না করে স্থায়ী ও কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। এদিকে শিক্ষার্থীদের এসব দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ‘অবরোধবাসিনী’ প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা।