সংবাদ শিরোনামঃ

মার্কিন বিশেষ দূতের সামনে ঘরে ফেরার দাবি রোহিঙ্গাদের

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মার্কিন বিশেষ দূতের সামনে ঘরে ফেরার দাবি রোহিঙ্গাদের ছবি: সংগৃহীত
মার্কিন বিশেষ দূতের সামনে ঘরে ফেরার দাবি রোহিঙ্গাদের ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি শুনলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শুক্রবার বিকেলে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সার্জিও গরের গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গারা। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা দ্রুত নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা তুলে ধরেন।

পরিদর্শনকালে সার্জিও গর রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান জীবনযাত্রা ও নানা সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। রোহিঙ্গা যুবক আহমদ উল্লাহ বলেন, বছরের পর বছর ধরে অনিশ্চয়তার মধ্যে ক্যাম্পে বসবাস করছেন তারা। নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত নিজ দেশে ফিরতে চান।

রোহিঙ্গা অধিকারকর্মীরাও বলেন, প্রত্যাবাসন কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে প্রত্যাবাসনের ক্ষেত্রে পূর্ণ নাগরিকত্ব, সমঅধিকার, নিরাপত্তা ও আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এলাকার খবর

সম্পর্কিত