শিরোনাম

বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের দুয়ার খুলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের দুয়ার খুলল যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত
বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের দুয়ার খুলল যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন—ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। সোমবার এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। এর ফলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে নতুন বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফসি জানিয়েছে, বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে দেশটির অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার নতুন সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে যেসব প্রকল্প অর্থায়নের সংকট কিংবা বিনিয়োগ ঝুঁকির কারণে বাস্তবায়নে পিছিয়ে পড়তে পারে, সেগুলোতে সহায়তা দিতে পারবে সংস্থাটি।

ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগ ঝুঁকি প্রশমনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি। এসব বিনিয়োগের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় সেবার আওতা বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেছেন, বাংলাদেশের অন্তর্ভুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেছেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি এ সহযোগিতার অঙ্গীকারেরই প্রকাশ। আর এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

ডিএফসি জানিয়েছে, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী কয়েকটি অর্থনীতিও রয়েছে এ অঞ্চলে। তাই মার্কিন কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে সংস্থাটি।

বাংলাদেশের অর্থায়নযোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্তি এখন দেশটির অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি করেছে। তবে এসব সুযোগ কতটা বাস্তব বিনিয়োগে রূপ নেয়, তা নির্ভর করবে প্রকল্প নির্বাচন, অর্থায়নের শর্ত এবং বিনিয়োগ বাস্তবায়নের ওপর।
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL