জমির নামজারির তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে শোকজ করেছেন জেলা প্রশাসক। রোববার সকালে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। নিজের বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান।
অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন নায়েব আবুল কালাম। একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে গালিগালাজ করে বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ এমনকি সাংবাদিকদের আটকে রাখার হুমকিও দেন তিনি।
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নাগরিক টিভির সাংবাদিক ফারহাদ, কালের কণ্ঠের সাংবাদিক আলাদিন সানি এবং ডিবিসির সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত।
পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে রোববার সকালে অভিযুক্ত নায়েবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাব পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের দাবি, শুধু শোকজ নয়, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি দপ্তরে সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকার ও সেবাপ্রার্থীদের সঙ্গে কর্মকর্তাদের পেশাদার আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।