জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনগত বিধান নেই উল্লেখ করে ভারতের পরামর্শ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, একবার বিচার সম্পন্ন হওয়ার পর একই অপরাধে আবার বিচার করার বিধানকে বলা হয় ডিনেবো ট্রায়াল বা পুনর্বিচার। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ধরনের বিধান থাকলেও বর্তমানে তা বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি।
চিফ প্রসিকিউটরের প্রশ্ন, যে দেশে পুনর্বিচারের বিধান নেই, সেই দেশ কীভাবে বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দেয়?
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শুরুর সময় ভারত তাকে বাংলাদেশে ফিরে এসে আইনি মোকাবিলা কিংবা নির্ধারিত সময়ে আপিলের পরামর্শ দিতে পারত। কিন্তু এখন বিচার শেষ হওয়ার পর পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ধরনের বক্তব্যকে উদ্ভট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেন তিনি।
শেখ হাসিনার আপিলের সুযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এটি সরকার কিংবা তার দপ্তরের সিদ্ধান্তের বিষয় নয়, সম্পূর্ণ আইনের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এবং বিদ্যমান বিধিমালা অনুসারেই বিচারপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে। বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি বলেও জানান তিনি।
তার ভাষ্য, আইনে যে বিধান রয়েছে, সে অনুযায়ীই পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হবে। সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও আইনবহির্ভূতভাবে আপিলের সুযোগ দেওয়ার এখতিয়ার নেই।