২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত আদেশ সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।
আদেশে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো আগামী শুক্র ও শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ফলে সরকারি ছুটির দিন হলেও নির্ধারিত শাখাগুলোতে হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়া যাবে।
আরও পড়ুন,
- জনস্বাস্থ্য উন্নয়নে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে তারেক রহমানের বৈঠক
- তেলের দাম বৃদ্ধিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের
- মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা রাজীবের সহযোগী গ্রেপ্তার
এ ছাড়া ব্যাংকিং লেনদেনের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী বা গ্রাহক অর্থ জমা দেওয়ার জন্য ব্যাংকে উপস্থিত থাকলে তাঁদের অর্থ গ্রহণ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে উপস্থিত হজ গ্রাহকদের কাছ থেকে অর্থ জমা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার প্রক্রিয়ায় যাতে সময়ের কারণে কোনো গ্রাহক সমস্যায় না পড়েন সেজন্যই ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।