মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ঘিরে পরিস্থিতি যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক তখনই ছুটি সংক্ষিপ্ত করে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছুটি কাটাতে ক্যাম্প ডেভিডে গিয়েছিলেন ট্রাম্প। তবে হঠাৎ করেই সফর সংক্ষিপ্ত করে তিনি ওয়াশিংটনে ফিরে আসেন।
কেন তিনি ছুটি সংক্ষিপ্ত করলেন সে বিষয়ে এখনো ট্রাম্পের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। তাদের সতর্কবার্তায় বলা হয়েছে, অঞ্চলটির সংঘাত যেকোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে।
মধ্যপ্রাচ্যের প্রায় ১১টি মার্কিন দূতাবাস থেকেও নাগরিকদের সতর্ক করে বার্তা দেওয়া হয়েছে। এসব বার্তায় পরিস্থিতির অবনতি এবং ভ্রমণে সম্ভাব্য জটিলতার বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিকে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ওই এলাকায় কালো ধোঁয়া ও আগুন দেখা যায়।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা ওই হামলার দায় স্বীকার করে সৌদি আরবের রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে হামলার দাবি করেছে। অন্যদিকে চলমান সংঘাত বন্ধ করে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্রের কাছে তিনটি শর্ত দিয়েছে ইরান। ইরানের নিরাপত্তা বিভাগের প্রধান মোহসেন রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, প্রথম শর্ত হলো সব জায়গায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের কাছে আটকে থাকা ইরানের অর্থ ছেড়ে দিতে হবে। আর তৃতীয়ত, হরমুজ প্রণালিকে ঘিরে মার্কিন নৌবাহিনীর অবরোধ বা ঘেরাও তুলে নিতে হবে। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া জানানো হবে তা এখনো স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যে একের পর এক নতুন ঘটনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যে ট্রাম্পের আকস্মিকভাবে হোয়াইট হাউসে ফিরে আসা নতুন করে নানা প্রশ্ন তৈরি করেছে।