তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের আলিয়াগা এলাকায় একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার ৯ নভেম্বর আলিয়াগার হাবাশ আয়রন অ্যান্ড স্টিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
ইজমির গভর্নরের কার্যালয় জানিয়েছে, কারখানার ভেতরে তরল ইস্পাত ঢালাইয়ের কাজ চলার সময় একটি বিশালাকার শিল্প চুল্লির ওপর ওভারহেড ক্রেন ভেঙে পড়ে। এর পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকার বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে তাদের মনে হয়েছিল শক্তিশালী কোনো ভূমিকম্প আঘাত হেনেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানা থেকে আকাশের দিকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ইজমিরের মেয়র সেমিল তুগে জানিয়েছেন, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। কারখানার ভেতরের ভারী ধ্বংসস্তূপ সরানোর পর হতাহতের প্রকৃত ও চূড়ান্ত সংখ্যা জানা যাবে।
এদিকে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে তুরস্কের কর্তৃপক্ষ।