শিরোনাম

২০২৭ সালের হজ সামনে রেখে ৭৮ দেশের সঙ্গে সৌদির প্রস্তুতি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২০২৭ সালের হজ সামনে রেখে ৭৮ দেশের সঙ্গে সৌদির প্রস্তুতি বৈঠক ছবি: সংগৃহীত
২০২৭ সালের হজ সামনে রেখে ৭৮ দেশের সঙ্গে সৌদির প্রস্তুতি বৈঠক ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র হজকে সামনে রেখে ৭৮ দেশের হজবিষয়ক অফিসের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি বৈঠক করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছানোর আগেই প্রস্তুতি পরিকল্পনা ও সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় সমন্বয় করতেই এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে, বৈঠকগুলোতে হজের প্রস্তুতির বিভিন্ন ধাপের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি অনুমোদিত সময়সূচি বাস্তবায়ন, হজ প্যাকেজের প্রক্রিয়া এবং অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির বিষয়েও আলোচনা হয়েছে।

হজযাত্রীদের আবাসন, পরিবহন ও খাবার সরবরাহের পাশাপাশি ভিড় ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হজযাত্রীদের সচেতনতা বৃদ্ধি ও দিকনির্দেশনামূলক কর্মসূচি এবং হজ পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য নিয়মকানুন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসগুলোর প্রস্তুতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রস্তুতি প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দিলে তা আগেই শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি ধাপের জন্য দায়িত্ব ও সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে গত মে মাসে। ওই সময় বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসে প্রস্তুতিসংক্রান্ত নথি ও পরিচালন সূচি পাঠানো হয়। একই সঙ্গে আগের হজ মৌসুমের কার্যক্রমও ব্যাপকভাবে মূল্যায়ন করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, আগাম ও সমন্বিত পরিকল্পনার মূল লক্ষ্য হলো হজযাত্রীদের জন্য আরও সুশৃঙ্খল, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা। সৌদি ভিশন ২০৩০-এর আওতায় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেও এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আগাম সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর হজবিষয়ক অফিস, সেবাদাতা প্রতিষ্ঠান এবং সৌদি কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হবে বলে জানিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়।

ফলে ২০২৭ সালের হজ মৌসুম শুরুর আগেই আবাসন, পরিবহন, খাবার, প্যাকেজ, সেবাদাতা প্রতিষ্ঠান এবং ভিড় ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরও পরিকল্পিতভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বিষয়:

বৈঠক হজ
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL